গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক এস এম জাহাঙ্গীর আলম। এ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) ইউনিয়ন পরিষদ সভাকক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মামুন হোসেনের সঞ্চালনায় সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা নতুন প্রশাসককে সহযোগিতার আশ্বাস দেন এবং ইউনিয়নের সার্বিক অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তব্য দেন উপজেলা গ্রাম আদালত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, সদস্য কাজী আল আমীন, প্রভাষক মিন্টু লাল মাঝি, সিনিয়র বিএনপি নেতা কাজী সারোয়ার, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, বিএনপি নেতা শহিদুল ইসলাম সাদী ও কাজী কালাম, জেলা যুবদলের সদস্য তারিকুল ইসলাম কাফি, ছাত্রনেতা রাজিব খান, ইমরান খান ও ইত্তেসাম পারভেজ।
এ ছাড়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অভিনাষ বাড়ৈ সৌরভ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে নতুন প্রশাসক এস এম জাহাঙ্গীর আলম বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও সেবামুখী করার পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা হবে। সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি সুশাসিত ও মডেল ইউনিয়ন গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

