দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় উপজেলার মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. নুরুল হুদা। তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া মানে একটি সবুজ, নিরাপদ ও টেকসই ভবিষ্যতের বীজ বপন করা। পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় সোমবার মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করা হয়।
এ সময় বিজিবির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, সুধীজন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাহিনীটি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।

