সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
দীর্ঘ ১৬ বছর আত্মগোপনে থাকার পর বরিশালের বাবুগঞ্জ উপজেলার একটি অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের মৃত আব্দুল হাই আকনের ছেলে মো. আরিফ হোসেন (৪৪)।
পুলিশ জানায়, ২০০৩ সালে দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় ২০১০ সালে আদালত আরিফ হোসেনকে অস্ত্র আইনের ১৯-ক ধারায় দোষী সাব্যস্ত করে সাজা দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তাকে গ্রেফতার করা সম্ভব না হওয়ায় তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত ছিলেন।
সম্প্রতি আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাবুগঞ্জ থানায় পৌঁছালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার তাকে গ্রেফতারের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী এএসআই ইভেন মাহাদী তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করেন।
পরে এএসআই ইভেন মাহাদীর নেতৃত্বে পরিচালিত অভিযানে র্যাব-৬, খুলনার সহযোগিতায় গত ১৯ জুলাই রাতে খুলনার খালিশপুর এলাকা থেকে আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে বাবুগঞ্জ থানায় নিয়ে এসে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, “দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তারা যেখানেই আত্মগোপনে থাকুক না কেন, আইনের আওতায় আনা হবে।”

