মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।
আহত আবু দাউদ (৫০) জামালপুর রেলওয়ে মসজিদের ইমাম হিসেবে কর্মরত। অভিযুক্ত তার স্ত্রী শাহিনা বেগম (৪২)। ঘটনার পর তাকে স্বামীর পরিবারের সদস্যরা বাড়িতে শিকল দিয়ে আটকে রেখেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শাহিনা বেগম ব্লেড দিয়ে আবু দাউদের পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা আবু দাউদকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখদেব রায় বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এবং ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

