ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালক নাঈম শেখ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন আসমত শেখ ও সাগর মোল্লা। মামলার অপর আসামি আশিক শেখ নাবালক হওয়ায় তার বিচার শিশু আদালতে চলমান রয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ফরিদপুর জেলা ও দায়রা জজ (পারিবারিক আপিল আদালত)-এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২১ এপ্রিল অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক নাঈম শেখকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে মাটিতে পুঁতে রাখা হয়।
ঘটনার পরদিন ২২ এপ্রিল নিহতের ভাই রাসেদ শেখ ফরিদপুর কোতোয়ালি থানায় আসমত শেখ, আশিক শেখ ও সাগর মোল্লার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১৫ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসমত শেখ ও সাগর মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান বলেন, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি সমাজে অপরাধ দমনে ইতিবাচক বার্তা দেবে।

