দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তুলা চাষ বৃদ্ধি ও উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের যশোর অঞ্চলের উপ-পরিচালক মো. মোজাদ্দিদ আল শামীম এবং উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দেশের তৈরি পোশাক শিল্পের প্রধান কাঁচামাল তুলা। দেশীয় তুলা উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের আরও বেশি করে তুলা চাষে এগিয়ে আসতে হবে। তিনি তুলা সংগ্রহের আধুনিক যন্ত্রপাতি আনার বিষয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং জাতীয় সংসদে তুলা চাষিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে তুলা উন্নয়ন বোর্ডের যশোর অঞ্চলের উপ-পরিচালক মো. মোজাদ্দিদ আল শামীম বলেন, দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিট দেশের অন্যতম তুলা উৎপাদনকারী এলাকা। কৃষকদের তুলা চাষে উৎসাহিত করতে সরকার গত তিন বছর ধরে প্রণোদনা দিয়ে আসছে। চলতি বছর কর্মসূচির আওতা বাড়িয়ে কুষ্টিয়া জেলায় ২ হাজার ২০০ জন কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে দৌলতপুর উপজেলার ২ হাজার ৫০ জন কৃষক প্রণোদনার আওতায় আসবেন।
তিনি জানান, প্রতিটি কৃষককে প্রায় ৮ হাজার টাকা মূল্যের একটি প্যাকেজ দেওয়া হচ্ছে। এতে উন্নতমানের তুলাবীজ, সার ও কীটনাশক অন্তর্ভুক্ত রয়েছে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা, তুলা উন্নয়ন বোর্ডের ইউনিট কর্মকর্তাসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

