আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. মিরন হালদার, ডা. শাহানাজ পারভীন সেতু, ডা. সাবরিনা ইসলাম, নার্স মাধবী লতা রাজিব, রিংকু হালদার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাংবাদিক এইচএম মাসুম, বিকাশ রায়সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় ডা. গোলাম মোর্শেদ সজীব বলেন, শিশুর জন্মের পরপরই মায়ের শালদুধ পান করানো অত্যন্ত জরুরি। মায়ের বুকের দুধে থাকা প্রাকৃতিক পুষ্টি উপাদান ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান নবজাতকের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। এতে শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হওয়ার পাশাপাশি ডায়রিয়া, নিউমোনিয়া, হামসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ বলেন, বুকের দুধ শুধু শিশুর পুষ্টি নিশ্চিত করে না, এটি মা ও শিশুর মধ্যে গভীর আবেগিক বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

