Nabadhara
ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদক মামলায় নওগাঁয় দুইজনের যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সুকান্ত শাহা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মো. হারুন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি টুয়েল পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নওগাঁর নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাতেম আলীর ছেলে মো. হারুন (৪২) এবং সন্তোষপাড়া গ্রামের নাজিরের ছেলে টুয়েল (৪৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুই ব্যক্তি মাদক নিয়ে নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজার এলাকায় আসছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল থামার সংকেত দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজন পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে টুয়েলের কাছ থেকে ৬০ গ্রাম এবং হারুনের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। এ সময় তাদের ব্যবহৃত লাল রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯ ধারায় মামলা করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত নওগাঁ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর পিপি অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির বলেন, ‘মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড একটি নজির। আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুবায়ের বলেন, ‘আসামিরা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল—এমন তথ্য-প্রমাণ না পাওয়া সত্ত্বেও রায় ঘোষণা করা হয়েছে। আমরা এ রায়ে সংক্ষুব্ধ।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।