স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের ৮ শতাধিক শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় চত্বরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তত্ত্বাবধান ও নির্দেশনায় লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী ৮ শতাধিক শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান।
পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক সুমিত দাস, মারুফ সামদানী, কোহিনুর পারভীনসহ অন্যরা।

