দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সাত দিনের সফরের প্রথম দিনেই পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী দুমকি উপজেলায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেন। মতবিনিময় সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের মাধ্যমে ব্যস্ত সময় কাটান তিনি।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘জুলাই যোদ্ধা’, বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মো. মতিউর রহমান দিপুর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলতাফ হোসেন চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা, দলীয় ঐক্য সুসংহত রাখা এবং ভবিষ্যৎ কর্মসূচি সফল করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সংসদ সদস্য কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত সবুজায়ন কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরে মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার একটি পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।
এছাড়া তিনি দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
স্থানীয় নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, সফরের প্রথম দিনেই রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমে সংসদ সদস্যের সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

