আশরাফুজ্জামান, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে পড়া না পারায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পূর্ব গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজার রহমান মিথুনের বিরুদ্ধে।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, শিক্ষক মাহাফুজার রহমান মিথুন শ্রেণিকক্ষে ওই শিক্ষার্থীর পেট মুচড়ে ধরেন এবং বেঞ্চে শুইয়ে নির্যাতন করেন।
ঘটনার পর সংবাদকর্মীরা শিক্ষার্থীর বাড়িতে গেলে কান্নাজড়িত কণ্ঠে সে জানায়, পড়া না পারলে অভিযুক্ত শিক্ষক প্রায়ই তাকে পেট মুচড়ে ধরতেন। রোববার দুপুরে পড়া দিতে না পারায় তার পেটে জোরে চাপ দিলে সে ব্যথায় কেঁদে ফেলে। এর আগেও একইভাবে বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ করে শিশুটি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তারের বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে সরাসরি মন্তব্য না করে বলেন, “আজ একটি অভিযোগ পেয়ে আপনারা এসেছেন, কিন্তু এর আগে বিদ্যালয়টি কত ভালো কাজ করেছে বা ভালো ফলাফল এনেছে, তখন তো আপনারা আসেননি।”
পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গোলেনুর বলেন, সহকারী শিক্ষক মাহাফুজার রহমান মিথুনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

