চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় রাজশাহীর চারঘাট উপজেলা বালিকা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তোলে। নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ প্রতিযোগিতায় চারঘাটের বালিকা ফুটবল দলের চ্যাম্পিয়ন হওয়া উপজেলার জন্য অত্যন্ত গর্বের বিষয়।
তিনি আরও বলেন, সুযোগ-সুবিধা পেলে মেয়েরাও দেশের জন্য বড় অর্জন বয়ে আনতে পারে। তাই খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। চারঘাটের এই চ্যাম্পিয়ন দল ভবিষ্যতে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা সুপারভাইজার রাহেদুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ক্রীড়াবিদরা।
সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

