আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পির ওপর হামলার প্রতিবাদে দেবহাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় দেবহাটা উপজেলা ছাত্রদল, কেবিএ কলেজ ছাত্রদল ও দেবহাটা কলেজ ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রথমে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান ফরহাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি শাহিন ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ মিলন, দেবহাটা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর জামান, যুগ্ম আহ্বায়ক আরাফাত সানি, আসাদুল ইসলাম, রাকিবুল ইসলাম, আব্দুর রহমান চঞ্চলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া কেবিএ কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন এবং দেবহাটা কলেজ ছাত্রদলের সভাপতি হযরত আলী টিপু ও সাধারণ সম্পাদক গোবিন্দ দাস বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা মনজুরুল আলম বাপ্পির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র এবং উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে। দেশের ক্রান্তিলগ্নে ছাত্রদল অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকবে।

