Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রিফাতের পরিবারকে ক্ষতিপূরণ ও সিফাতের চিকিৎসার দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 
আগস্ট ১৩, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 

বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন দপদপিয়া সেতুতে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত বাকেরগঞ্জের শিক্ষার্থী মো. রিফাত চাপরাশির পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই দুর্ঘটনায় গুরুতর আহত রিফাতের চাচাতো ভাই মো. সিফাতের উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনেরও দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে নিহত রিফাতের স্বজন, সহপাঠী, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একই দুর্ঘটনায় রিফাত ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন এবং রিফাতের চাচাতো ভাই সিফাত গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও রিফাত ও সিফাতের পরিবারের পাশে যথাযথভাবে দাঁড়ানো হয়নি বলে অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, একই দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং অপরজন গুরুতর আহত হওয়ার পরও তাদের পরিবারের সঙ্গে বৈষম্য করা উচিত নয়। তারা নিহত রিফাতের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং আহত সিফাতের চিকিৎসার যাবতীয় ব্যয় প্রশাসন ও বিআরটিসির পক্ষ থেকে বহনের দাবি জানান।

এ ছাড়া বিআরটিসি বাসের বেপরোয়া চলাচল বন্ধ, মহাসড়কে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত এবং দুর্ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

নিহত রিফাতের পরিবারের সদস্যরা বলেন, রিফাতের মৃত্যুতে পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে একই দুর্ঘটনায় আহত সিফাত গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার ব্যয় বহন করাও পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষতিপূরণ, পুনর্বাসন ও চিকিৎসা সহায়তার ব্যবস্থা করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বেপরোয়া যান চলাচল, অতিরিক্ত গতি ও চালকদের অসচেতনতার কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনা রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের দক্ষতা যাচাই এবং মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে হবে।

নিহত মো. রিফাত চাপরাশি (২২) বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের জামাল চাপরাশির ছেলে। আহত মো. সিফাত (২৩) একই এলাকার কামাল চাপরাশির ছেলে। তারা আপন চাচাতো ভাই।

গত ৯ আগস্ট বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন দপদপিয়া সেতুর ওপর বিআরটিসি বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে রিফাত ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার চাচাতো ভাই সিফাত ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত (২৬) আহত হন।

পরে আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইয়াসিন আরাফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে মঙ্গলবার (১১ আগস্ট) সিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে রেফার করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

মানববন্ধন ও সড়ক অবরোধের বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা তন্ময় হাওলাদার বলেন, নিহত রিফাত ও আহত তার চাচাতো ভাই সিফাতের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।