নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রি ক্যাম্পাসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম।
পরিদর্শনের শুরুতে কৃষি সচিব ব্রি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। পরে ব্রির প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে ‘ব্রির অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা এবং ব্রির ৬ষ্ঠ ও তদূর্ধ্ব গ্রেডের বিজ্ঞানীদের জন্য আয়োজিত ‘আধুনিক অফিস ও আর্থিক ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন।
ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্রির মহাপরিচালক। পরে তিনি ‘ব্রির অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ে একটি উপস্থাপনা দেন। এ সময় ব্রির বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান, প্রধান কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং প্রশিক্ষণার্থী বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃষি সচিব ব্রির ফার্ম মেশিনারি শেড, জিন ব্যাংক ও গবেষণা মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি ব্রির গবেষণা কার্যক্রম, জার্মপ্লাজম সংরক্ষণ এবং কৃষিযান্ত্রিকীকরণ কার্যক্রম সম্পর্কে সরেজমিনে ধারণা নেন।

