দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে কথিত কাকন বাহিনীর সক্রিয় সদস্য টুয়েল ও বিএনপি নেতাসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কথিত কাকন বাহিনীর সক্রিয় সদস্য এবং জোড়া খুনসহ একাধিক মামলার আসামি টুয়েল ও মরিচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনি ফরাজী রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন, ছয় বোতল স্কাফ কফ সিরাপসহ একজন, জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা মনি ফরাজীসহ সাতজন, মাদক সেবনের অভিযোগে দুজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজন এবং টুয়েলসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনি ফরাজী মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঝালু ফরাজীর ভাই। অপরদিকে টুয়েল একই এলাকার আলাই ফরাজীর ছেলে। পুলিশের দাবি, টুয়েল কথিত কাকন বাহিনীর সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে জোড়া খুনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘রাতে পুলিশের অভিযানে ওয়ার্ড বিএনপির সভাপতি মনি ফরাজী এবং কাকন বাহিনীর সদস্য টুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে প্রায় ৮০ জন পুলিশ সদস্য নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অভিযান জোরদার করা হয়।’
তিনি বলেন, উপজেলার আদাবাড়িয়া, প্রাগপুর, রামকৃষ্ণপুর, মথুরাপুর, ফিলিপনগর, মরিচা ও পিয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কাকন বাহিনীর সক্রিয় সদস্য ও জোড়া খুনসহ বিভিন্ন মামলার আসামি টুয়েলও রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৌলতপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

