Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মিথ্যা মামলা, স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ধর্ষণচেষ্টা ও হামলার অভিযোগে মামলা দায়ের করে তা মিথ্যা ও সাজানো প্রমাণিত হওয়ায় ফরিদপুরে মামলার বাদী রিনা আক্তার (৩৭) ও তাঁর স্বামী এবং মামলার প্রধান সাক্ষী মাসুদ বেপারীকে (৪৪) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রিনা আক্তার ও মাসুদ বেপারী সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের টানচর ওয়াজ হাওলাদারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর তাঁদের কড়া পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ২৮ আগস্ট রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হওয়ার পর এক ব্যক্তি ঘরে ঢুকে রিনা আক্তারকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। পরে একই বছরের ৩ সেপ্টেম্বর তাঁর স্বামী মাসুদ বেপারী ও ননদের স্বামী শাহাবুদ্দিন বেপারীর ওপর হামলার অভিযোগ এনে ১২ জনকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা করেন রিনা আক্তার।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর মামলার আবেদন করা হলে আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে সদরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে নির্দেশ দেন। ওই বছরের ১৭ নভেম্বর তিনি প্রাথমিক সত্যতা সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন। পরে ২০২৫ সালের ৩০ জুলাই আদালত মামলাটি আমলে নেন।

সাক্ষ্যগ্রহণের সময় বাদী রিনা আক্তার ও তাঁর স্বামী মাসুদ বেপারীর বক্তব্য গ্রহণ করা হয়। আসামিপক্ষের আইনজীবী বশীর আহমদ চৌধুরীর জেরায় তাঁদের বক্তব্যে পরস্পরবিরোধী ও অসংলগ্ন তথ্য উঠে আসে। এসব বিবেচনায় আদালত ঘটনাটি সাজানো ও ভিত্তিহীন বলে সিদ্ধান্ত দেন এবং মিথ্যা মামলা দায়েরের অপরাধে বাদী ও প্রধান সাক্ষীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন।

আসামিপক্ষের আইনজীবী বশীর আহমদ চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১২ আসামির মধ্যে হামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে আগেই খালাস দেওয়া হয়েছিল। বুধবার ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত একমাত্র আসামিকেও আদালত মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। মিথ্যা মামলা প্রমাণিত হওয়ায় বাদী ও প্রধান সাক্ষীকে আইনের আওতায় এনে সাজা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।