মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ডা. জোবাইদা রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে গাংনী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার গাংনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাংনী সমাজকল্যাণ সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে গাংনী ফুটবল একাদশ ও আইচগাতী ফুটবল একাদশের মধ্যে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে আইচগাতী একাদশকে ৭-৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গাংনী একাদশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন গাংনী ফুটবল একাদশকে ৩০ হাজার টাকা প্রাইজমানি এবং রানার্সআপ আইচগাতী ফুটবল একাদশকে একটি ফ্রিজ উপহার দেওয়া হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিকদার হারুন আল রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন, গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মাসুদ রানা, সাধারণ সম্পাদক শেখ মোরসালিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার টুকু মিয়া, গাংনী মৎস্য আড়তের সভাপতি শেখ বদরুল আলম অপু ও গাংনী বাজারের ব্যবসায়ী আলম শেখ।
টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন গাংনী বাজার কমিটির সভাপতি এস এম পারভেজ, এস এম রুবেল, সেতু শেখ, তারেক ও আব্দুল্লাহ মীরসহ অনেকে।

