কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও ৭ কার্যদিবস সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ফরেনসিক প্রতিবেদন না পাওয়ায় তদন্তের স্বার্থে এ সময় চাওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় থাকলেও তা দিতে পারেনি কমিটি।
রোববার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে তদন্ত কমিটির সদস্যদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কমিটির প্রধান ও কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
তিনি জানান, বেলা ১২টার দিকে তদন্ত কমিটির সব সদস্য বৈঠকে বসেন। সেখানে সর্বসম্মতিক্রমে তদন্তের স্বার্থে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত হয়।
সময় বাড়ানোর কারণ ব্যাখ্যা করে আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলোর ফরেনসিক প্রতিবেদন পেতে সময় লাগছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর অন্যান্য তথ্য-উপাত্তের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এর আগে গত ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিটির অন্য সদস্যরা হলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
গত ১১ নভেম্বর মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন এমপি নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এখন ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো কীভাবে উঠে আসে, সেদিকেই নজর সংশ্লিষ্ট ব্যক্তিদের।

