পঞ্চগড় প্রতিনিধি
উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। তাপমাত্রা কমার পাশাপাশি হিমালয় থেকে আসা হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। গত ১০ দিন ধরে জেলায় শীতের এমন পরিস্থিতি বিরাজ করছে। রাত থেকে ভোর পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সকালে সড়কে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। গত শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সকালে ঘন কুয়াশা উপেক্ষা করে শীতের পোশাক গায়ে জড়িয়ে কাজের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। টানা পাঁচ দিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিংবা এর নিচে অবস্থান করছে।
তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকার কৃষক আমিরুল ইসলাম বলেন, প্রতিদিন সকালে কুয়াশা ও হিমেল বাতাসে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। মরিচ ও আলু চাষের জন্য জমি তৈরি করছেন তিনি। কিন্তু সকালে ঠান্ডার কারণে জমিতে কাজ করতে বেশ কষ্ট হচ্ছে।
পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া এলাকার দিনমজুর সলেমান আলী বলেন, শীত গরিব মানুষের জন্য বাড়তি কষ্ট নিয়ে আসে। শীত ও কুয়াশা বেশি থাকলে কাজ করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় কাজ না পেয়ে বাড়ি ফিরতে হয়। যা আয় হয়, তা দিয়েই পরিবারের খরচ চালাতে হয়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসের কারণে পঞ্চগড়ে শীতের অনুভূতি বাড়ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের কারণে শীতের তীব্রতা কমে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরছে। চলতি মাসের শেষ দিকে জেলায় শীত আরও বাড়তে পারে।

