যশোর প্রতিনিধি
যশোরে পুলিশের পরিচয় দিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক যুবকের নাম রায়হান গাজী। তিনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ইউনুচ গাজীর ছেলে।
এ সময় তার সহযোগী পাঁচবাড়িয়া গ্রামের কাজলের ছেলে রনি পালিয়ে যায়। এ ঘটনায় রায়হান, রনি ও অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার রায়হান গাজীকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোর কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম নবধারাকে জানান, গত ৬ জুলাই বিকেল ৪টা ৩৫ মিনিটে জানতে পারেন আড়পাড়া এলাকার খিদমাতুল কুরআন মাদ্রাসার সামনে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে পুলিশের পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখাচ্ছেন। খবর পেয়ে কোতোয়ালি থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় রায়হান গাজীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়। তার ডান হাতে থাকা একটি ধারালো চাকু এবং একটি পুরাতন ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এছাড়া পলাতক আসামি রনি ও তার সহযোগীরা একটি লাল রঙের মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান গাজী পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

