নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) শ্রমিকরা তাদের ন্যায্য দাবী বাস্তবায়নের লক্ষ্যে রোববার (১৭ আগস্ট) বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছেন।
শ্রমিকরা বিএডিসি কার্যালয়ের প্রধান ফটকে এক ঘন্টার মানববন্ধন পালন শেষে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন দাবিতে শ্লোগান দেন।
শ্রমিক সমন্বয়ক রবিউল আলম, শ্রমিক সর্দার মো. সুমন ও অন্যান্য নেতারা বলেন, “অবিলম্বে শ্রমিকদের নিয়মিত করতে হবে এবং ২০২৫ সালে প্রবর্তিত বৈষম্যমূলক নীতিমালা বাতিল করে ২০১৭ সালের নীতিমালা পুনঃবাস্তবায়ন করতে হবে। দৈনিক মজুরি নির্ধারণ, কাজের সময় ও পরিমাণ স্পষ্ট করা, বিনা কারনে শ্রমিক ছাঁটাই বন্ধ করা, মৌসুমভিত্তিক শ্রমিক ব্যবহারের পরিবর্তে সারা বছরের কর্মসংস্থান নিশ্চিত করা এবং নারী শ্রমিকদের সমান মজুরি প্রদান সহ নয় দফা দাবী আমরা তুলে ধরছি।”

