সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
মাগুরার মহম্মদপুর উপজেলায় গণপিটুনিতে ইসরাফিল (৩৫) নামে এক চোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে চুরির অভিযোগে এলাকাবাসী ইসরাফিলকে আটক করে। এ সময় তাকে বেধড়ক মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইসরাফিলের বিরুদ্ধে মহম্মদপুরসহ আশপাশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আবু আহসান জানান,”স্থানীয়রা অর্ধমৃত অবস্থায় ইসরাফিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আমরা সর্বোচ্চ চিকিৎসা প্রদান করি। তবে তার স্বজনদের কোনো খোঁজ পাওয়া যায়নি। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন,”সংবাদ পেয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে তাকে মৃত অবস্থায় পাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

