নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। সেই সাথে পাচারকারী চক্রের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সোমবার উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, ধামইরহাট উপজেলার জয়জয়পুর এলাকার মৃত ছয়েফ উদ্দিন মন্ডলের ছেলে মামদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর এলাকার ময়েন উদ্দিন মন্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত মামদুল ও তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা কষ্টি পাথর এর মুল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সুযোগ বুঝে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। এরই প্রেক্ষিতে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে মূর্তি পাচারকারী চক্রের মামদুল ও তরিকুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে এ মূর্তি উদ্ধার করা হয়। ২৪.৫ ইঞ্চি উচ্চতার ২৫.১ কেজি ওজনের মূর্তির আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা বলে জানান র্যাব।
পরবর্তীতে উক্ত মূতিসহ তাদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এবং একটি মামলা রুজু করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

