রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব কর্মসূচি আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে মানববন্ধন ও র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা শাহিদুল ইসলাম।
আলোচনা সভা পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মনিরুল হক মন্টু, তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলী মজুমদার, সাবেক কাস্টম কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক।
কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন।
বক্তারা বলেন, দুর্নীতি রোধে প্রশাসন, জনগণ ও তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। সমাজের প্রতিটি স্তরে শুদ্ধাচার প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা।

