কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
“মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রয়োজনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে”—এমন মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
আজ শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের ঠাকুর এবং সাংবাদিক মিজানুর রহমান বুলু।
এমপি এস এম জিলানী আরও বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাতে হবে। পাশাপাশি বেকার সমস্যা সমাধান করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বর্তমান সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সমাবেশে বক্তারা মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

