নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের ও উপজেলায় অবৈধ ইটভাটা কার্যক্রমের বিরুদ্ধে পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার পরিচালিত এসব অভিযানে কাপাসিয়া উপজেলায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনীম এবং শ্রীপুর উপজেলায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়।
কাপাসিয়া উপজেলার হাড়িয়াদি ও সিংহশ্রী এলাকায় অবস্থিত এবিবি ব্রিকস ম্যানুফ্যাকচারিং এবং পোনাসারী ও সোহাগপুর এলাকার এমএস ব্রিকস ফিল্ডে অভিযান চালিয়ে দুইটি মামলায় মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে এবিবি ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে ২ লাখ এবং এমএস ব্রিকস ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, পূর্বে আংশিকভাবে ভেঙে দেওয়া এমএস ব্রিকস ফিল্ডকে আগামী ৭ দিনের মধ্যে স্থায়ীভাবে কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, শ্রীপুর উপজেলার লতিফপুর এলাকায় পরিচালিত পৃথক অভিযানে আরও একটি মামলায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর গাজীপুরের রিসার্চ অফিসার মো. মকবুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

