ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক গৃহবধূকে শিকল দিয়ে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে এবং একজনকে আটক করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে উপজেলার সাকরাইল গ্রামের খোরশেদ মাতবরের ছেলে শামুন মাতবর (২৮)-এর সঙ্গে জালাল কাজীর মেয়ে রিতু আক্তার (২০)-এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে রিতুর ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে রিতুর বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গিয়ে তাকে ঘরের ভেতরে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। এসময় তারা মেয়েকে উদ্ধার করতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে রিতুর বাবা জালাল কাজী (৪৩) ও মা লাইজু আক্তার (৩৩) গুরুতর আহত হন।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রিতু আক্তারকে শিকলবন্দি অবস্থা থেকে উদ্ধার করে। এসময় অভিযুক্তদের একজন খোরশেদ মাতবর (৫৮)-কে আটক করা হয়। তবে প্রধান অভিযুক্ত স্বামীসহ অন্যরা পুলিশ আসার আগেই পালিয়ে যায়।
আহত রিতু আক্তার ও তার বাবা-মাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নির্যাতনের সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস ও অমানবিক। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

