মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর ও বাউশিয়া সংলগ্ন এলাকায় ৯৩ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ হাজার ৮৯৫ কেজি জাটকা ও ১১ লক্ষ ৮৮ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ভোর ৫টায় কোস্ট গার্ড এসব রেনু পোনা জব্দ করে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, কোস্ট গার্ড স্টেশন গজারিয়া গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সন্দেহজনক ৩টি ট্রাক তল্লাশি করে প্রায় ৯৩ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ হাজার ৮৯৫ কেজি জাটকা ও ১১ লক্ষ ৮৮ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।
জব্দকৃত চিংড়ি রেনু সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং জব্দকৃত জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরিব দুঃস্তদের মাঝে বিতরণ করা হয়।
আরও জানানো হয়, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

