দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত হোসেন নামে ৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে শিশুটি মারা যায়। আরাফাত কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকার বিজয় হোসেনের ছেলে।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গত ২ মে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
তিনি আরও জানান, মার্চের মাঝামাঝি সময় থেকে হামের সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ৪৯ জন শিশু ভর্তি হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ২৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৫৫ জন শিশু।

