নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (১১ দলীয় জোট সমর্থিত) ফুলকপি প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নান্দাইল চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল শাখার আমির কাজী শামছুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদ্দাম হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের ফুলকপি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান।
এছাড়া বক্তব্য দেন মুফতি মাওলানা শামছুল ইসলাম রাহমানী, মুফতি মাওলানা আমিনুল ইসলাম আমিন, মুফতি আরিফ আব্দুল্লাহ, মোস্তাফিজুর রহমান মোস্তাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলকপি প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভায় নান্দাইল উপজেলা, পৌরসভা এবং উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা মিছিলসহকারে অংশ নেন।

