নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম চরমধুয়া গ্রামের হাজি মঙ্গল মিয়ার ছেলে। তাঁর স্ত্রী মমতাজ বেগম স্থানীয় চরমধুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।
নিহতের ভাই মোস্তাকিম গণমাধ্যমকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রিফাত ও নয়নদের সঙ্গে রফিকুলের বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল। পথে গাজীপুরা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পেছন থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

