নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় ইউএনও বলেন, নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। নান্দাইল উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করছে। পাশাপাশি আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণের সময় কেন্দ্রের আশপাশে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে ড্রোন ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আচরণবিধি, তথ্য সংগ্রহ ও প্রচারে করণীয়সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় নান্দাইল উপজেলায় নির্বাচনী পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

