দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় বাস শ্রমিকদের কর্ম বিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বাস মালিক, শ্রমিক ও প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠকের পর এই কর্মসূচি প্রত্যাহার করে শ্রমিকরা।
এরপর থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়। এতে স্বস্তি ফিরে যাত্রী সাধারণের মধ্যে।
পূর্ব ঘোষণা অনুযায়ী দুই দফা দাবি আদায়ে গতকাল শুক্রবার সকাল থেকে কর্ম বিরতি শুরু করে কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন।
ফলে কুষ্টিয়া থেকে সকল রুটে কুষ্টিয়ার মালিকদের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে এসব রুটে যাতায়াতকারী সাধারণ মানুষ।
সমস্যা নিরসনে আজ শনিবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠকে বসেন জেলার বাস মালিক ও শ্রমিকদের সংগঠনের নেতৃবৃন্দ। বৈঠকে ফলপ্রসু আলোচনা হওয়ায় শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করলে বাস চলাচল স্বাভাবিক হয়।
কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে বাস মালিক ও প্রশাসনের বৈঠক হয়েছে। তাঁদের দাবির ব্যাপারে ইতিবাচক থাকায় তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।

