Nabadhara
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতুড়িপেটায় বিধবা নারী নিহতের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে র‌্যাব-৬, র‌্যাব-১১ ও টুঙ্গিপাড়া থানা পুলিশের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাবিবুল্লাহ ব্রিজ সংলগ্ন এনায়েতনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নজরুল ওস্তা (৪০) টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন ওস্তার ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের প্রতিবেশী কাদের ও আলাউদ্দিন ওস্তার সঙ্গে নিহত নাহিদা বেগমের (৫০) স্বামী শরিফুল ওস্তার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। প্রায় ৮ মাস আগে উচ্চ আদালত শরিফুল ওস্তার পক্ষে রায় দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। তবুও প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে জমি দখলে রাখে।

গত ১ ফেব্রুয়ারি ওই জমিতে বেড়া দিতে গেলে শরিফুল ওস্তার ছেলে মহিবুল্লাহ ওস্তার ওপর হামলা চালায় প্রতিপক্ষ। অভিযোগ রয়েছে, মৃত আলাউদ্দিন ওস্তার ছেলে নজরুল ওস্তার নেতৃত্বে কাদের ওস্তার ছেলেরা হাতুড়ি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা করে।

এ সময় মা নাহিদা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি নিহতের ছেলে মহিবুল্লাহ ওস্তা টুঙ্গিপাড়া থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় নজরুল ওস্তাকে।

পুলিশ জানায়, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।