কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় সাগর মিয়া (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ শয়নঘরে ধরনার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর মীরবাগ ড্রাইভারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাগর ওই এলাকার আজগার আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সাগর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। শুক্রবার রাতের কোনো এক সময় সবার অজান্তে তিনি গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা নিজ শয়নঘরে ঝুলন্ত অবস্থায় সাগরের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ—এ নিয়ে নানা গুঞ্জন চলছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

