পঞ্চগড় প্রতিনিধি
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী ১ লাখ ৩৬ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হচ্ছে। এ লক্ষ্যে ১১ দিনব্যাপী বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
তিনি বলেন, হাম একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শিশুদের ক্ষেত্রে এ রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে এবং নিউমোনিয়া, অপুষ্টি, এনসেফালাইটিস, অন্ধত্ব ও বধিরতার মতো জটিলতা তৈরি করতে পারে। তাই সময়মতো টিকা গ্রহণই এ রোগ থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।
সিভিল সার্জন আরও জানান, জেলায় মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে এ টিকার আওতায় আনা হবে। জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভায় মোট ১ হাজার ১০৯টি টিকাদান কেন্দ্রে ২০ এপ্রিল থেকে ১১ দিনব্যাপী এ কার্যক্রম চলবে।
এদিকে সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় সদর উপজেলার শিংপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
জানা গেছে, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা এ টিকা গ্রহণ করতে পারবে। টিকা নিতে হলে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

