আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় পৃথক ঘটনায় আতাহার সিকদার (৭৫) ও সোহেল খাঁন (৩০) নামে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সকালে এসব ঘটনা ঘটে।
নিহত আতাহার সিকদারের বাড়ি আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামে। জানা যায়, ফজরের নামাজ শেষে তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় একটি বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকতে দেখে সেটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, সকাল ৯টার দিকে তালতলী উপজেলার দক্ষিণ কড়াইবাড়িয়া গ্রামের আজিজ খাঁনের ছেলে সোহেল খাঁন নিজ বাড়ির রান্নাঘরের বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার বাবা আজিজ খাঁনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা দুজনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান সোহেল খাঁনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আজিজ খাঁনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “বাবা-ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এর মধ্যে ছেলে মারা গেছেন।”
আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বৃদ্ধ আতাহার সিকদারকে তার পরিবার দাফন করেছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, নিহতের পরিবার আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

