মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান ঢাকা মোড়ে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেট না পরা, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং অন্যান্য অনিয়মের দায়ে ৫ জন চালককে মোট ২০০০ টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃতদের মধ্যে ২ জন শিক্ষার্থী থাকায় বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। তাদের ভবিষ্যৎ সচেতনতা ও নিরাপত্তার কথা মাথায় রেখে কঠোর সতর্কতা প্রদান করা হয় এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব বোঝানো হয়। একই সঙ্গে উপস্থিত অন্যান্য চালকদেরও সচেতন করা হয়, যাতে তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন। অভিযানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিরামপুর থানা পুলিশের সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় আদালতের পেশকার হিসেবে উপস্থিত ছিলেন জিলকাদ হোসেন (নাজির)।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন।

