কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মনোতোষ ঘটক (৬০) নামে এক কৃষকের মৃত্যুকে কেন্দ্র করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনোতোষ ঘটক ওই গ্রামের সিদ্ধেশ্বর ঘটকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোতোষ ঘটকের সঙ্গে একই গ্রামের গৌরাঙ্গ ঘটকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গৌরাঙ্গ ঘটক ও তার স্ত্রী পুতুল ঘটকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মনোতোষ ঘটক গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী তন্ময় ঘটক জানান, বিকেলের ওই ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় এবং মনোতোষ মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তমাল অধিকারী বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরীরে তেমন কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”
অভিযুক্ত গৌরাঙ্গ ঘটকের বাড়িতে গিয়ে তাকে বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার এসআই উত্তম সেন বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে হত্যার অভিযোগ করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে লাশের ময়নাতদন্ত করা হবে।

