নরসিংদী প্রতিনিধি
“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষে নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পালিতব্য এ কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী দিনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উদ্বোধনী র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। সিভিল সার্জন ডা. বুলবুল কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা। তিনি খাদ্যের পুষ্টিমান, সুষম খাদ্যের গুরুত্ব এবং অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টিকর খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী নারীদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জনসাধারণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

