এ.কে.অলক, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট ও ফুসকা জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার একটি দল মৌলভীবাজার রোডে অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাউন্টারে অভিযান পরিচালনা করে।
এ সময় ভারত থেকে চোরাইপথে আনা প্রায় ১ হাজার কেজি ফুসকা, ১৮ হাজার ৮০০ শলাকা ‘মৌর’ ব্র্যান্ডের সিগারেট এবং ৩০ হাজার শলাকা ‘ফেস্টন’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, এই চোরাচালানের সঙ্গে জড়িতদের বিষয়ে প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

