পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার গড়পাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পলাশ ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শাহানা পারভিনের উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ থানা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা। তিনি বলেন, “নতুন বছর আমাদের জীবনে সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমাজ থেকে বৈষম্য ও অস্থিরতা দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, গত বছরের গ্লানি ভুলে নতুন উদ্যমে কাজ করলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। বিশেষ করে নারী শক্তির বিকাশ ও অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক এম এ কাইয়ুম, মহিলা নেত্রী মমতাজ, ঘোড়াশাল পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর এম এ জামান, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের আতিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এ আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।

