শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
সারাদেশে সরকারি নির্দেশনা অনুযায়ী ‘বৈশাখী শোভাযাত্রা’র মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হলেও শেরপুরের শ্রীবরদীতে তা পালিত হয়েছে ভিন্ন নামে। উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বৈশাখী শোভাযাত্রা’র পরিবর্তে ‘আনন্দ শোভাযাত্রা’ ব্যানারে নববর্ষ বরণ করায় স্থানীয় সাংস্কৃতিক অঙ্গন ও সচেতন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২৯ মার্চ ২০২৬ তারিখের এক সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি নির্ধারণ করা হয়। সেখানে পহেলা বৈশাখে ‘বৈশাখী শোভাযাত্রা’ আয়োজনের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়, যাতে সারা দেশে অভিন্ন নামে এ উৎসব উদযাপন নিশ্চিত করা যায়।
কিন্তু শ্রীবরদীতে আয়োজিত শোভাযাত্রার ব্যানারে ‘আনন্দ শোভাযাত্রা’ লেখা থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংস্কৃতিক সংগঠক বলেন, “সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও ‘বৈশাখী’ শব্দটি বাদ দেওয়া দুঃখজনক। এতে প্রশ্ন উঠেছে, কোনো বিশেষ মহলকে সন্তুষ্ট করতেই কি এই নাম ব্যবহার করা হয়েছে?”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মণীষা আহমেদ বলেন, “এ বিষয়ে আমি কোনো প্রজ্ঞাপন পাইনি। বিষয়টি খেয়ালেও আসেনি।”
এ ঘটনায় স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

