রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম-২০২৬ উপলক্ষে খুলনায় দ্বিতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) খুলনা জেলা পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এদিন প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ে বিভিন্ন ধাপের পরীক্ষা নেওয়া হয়। দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্পের মাধ্যমে প্রার্থীদের শারীরিক ফিটনেস ও সহনশীলতা মূল্যায়ন করা হয়। কঠোর মানদণ্ড অনুসরণ করে প্রতিটি ধাপ সম্পন্ন করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে প্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত নিয়ম মেনে ধাপে ধাপে পরীক্ষায় অংশ নেন তারা। পুরো প্রক্রিয়াজুড়ে ছিল শৃঙ্খলাবদ্ধ পরিবেশ এবং তদারকির কড়াকড়ি।
কার্যক্রমে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান। এ ছাড়া নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, পুলিশ সদর দপ্তরের প্রতিনিধিরা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালন করেন।
জেলা পুলিশ সূত্র জানায়, সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হচ্ছে। নিয়োগের পরবর্তী ধাপগুলোও একইভাবে নিয়ম-নীতির মধ্যে সম্পন্ন করা হবে।

