মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় শাকিল হোসেন (২৪) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছর ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের ৪র্থ শ্রেণির এক ছাত্রী তার বাবার কাছে খাবার দিতে যাওয়ার পথে শাকিল হোসেনের হাতে ধর্ষিত হয়। আসামি শিশুটিকে অস্ত্রের ভয় দেখিয়ে পাটখেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরে ঘটনা জানালে তার বাবা এসানুল হক গাংনী থানায় মামলা দায়ের করেন।
পুলিশ অভিযুক্ত শাকিল হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় (স্বশরীরে ও ভার্চুয়ালি)। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তিনি নিজেই। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।
ধর্ষিত শিশুর পরিবার আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে।শাকিল হোসেন চাঁদপুর গ্রামের আব্দাল হোসেনের ছেলে।

