Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

শরতের আকাশে সাদা মেঘের ভেলা আর দিগন্তজুড়ে কাশফুলের দোলা জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা। উৎসবকে ঘিরে নওগাঁর পত্নীতলায় চলছে নানা প্রস্তুতি। দিন যত এগিয়ে আসছে, ততই ব্যস্ততা বাড়ছে মৃৎশিল্পীদের। কাদামাটির কাজ শেষে প্রতিমায় রং ও তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গার অপরূপ রূপ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সরেজমিনে উপজেলার বিভিন্ন প্রতিমা তৈরির স্থান ঘুরে দেখা যায়, মৃৎশিল্পীরা নিপুণ হাতে দেবী দুর্গা ও অন্যান্য দেবদেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কোথাও চলছে প্রতিমার কাঠামো তৈরির কাজ, কোথাও মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, আবার কোথাও প্রতিমায় রং করার প্রস্তুতি চলছে। পূজার নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তাঁদের ব্যস্ততা এখন তুঙ্গে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পত্নীতলা উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে এবার প্রায় ৮৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে উপজেলা সদরের কেন্দ্রীয় বাসুদেব মন্দির, শিবকালি মন্দির, ছোট চাঁদপুর, চকনিরখীন মোড় ও পালশাসহ কয়েকটি ঐতিহ্যবাহী মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে।

উপজেলার পুঁইয়া মন্দিরে প্রতিমা তৈরির কাজে নিয়োজিত শিল্পী প্রশান্ত বর্মনের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রতিমা তৈরির কাজের জন্য তাঁর সঙ্গে ৪৫ হাজার টাকার চুক্তি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করতে তিনি ব্যস্ত সময় পার করছেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পত্নীতলা উপজেলা শাখার আহ্বায়ক সবুজ সাহা বলেন, ‘আশা করছি, এবার শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারব।’

দুর্গাপূজাকে ঘিরে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতির পাশাপাশি প্রতিমা তৈরির কাজ শেষ হলে পূজার আনুষ্ঠানিক আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।