দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সোহান নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যান। পরে আটক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাঁর কাছ থেকে একটি রামদা ও একটি হাতকুড়াল উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে। আটক সোহান উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন কালুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠে একদল ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পেয়ে স্থানীয়রা তাঁদের ধাওয়া করেন। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও সোহানকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে তাঁকে দৌলতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠ ও আশপাশের এলাকায় আগেও একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ডাকাতদের হামলায় কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া ভুক্তভোগীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানান, সন্ধ্যার পর ওই এলাকার নির্জন সড়ক ও মাঠের পাশ দিয়ে চলাচল করতে সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হয়। প্রয়োজনীয় কাজে বাইরে বের হলেও নিরাপত্তাহীনতায় ভোগেন তাঁরা। বিশেষ করে রাতে একা চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসব ঘটনায় ভুক্তভোগীদের কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে দৌলতপুর থানায় মামলাও করেছেন বলে পুলিশ জানিয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা দেশীয় অস্ত্রসহ সোহানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যান।
ওসি আরও জানান, ওই এলাকায় আগেও ডাকাতির ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় থানায় মামলা রয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাঁদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এদিকে, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

