কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট জেলার কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা” হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান, প্রশাসনিক দক্ষতা এবং দাপ্তরিক কাজে অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করা হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে যাচাই-বাছাই শেষে তাকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কচুয়া উপজেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, ঝরে পড়া রোধ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
তার এই অর্জনের খবর ছড়িয়ে পড়লে কচুয়া উপজেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক সমাজ, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে অভিনন্দন জানান।
স্থানীয়দের মতে, মো. আলী হাসান একজন দক্ষ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তার এই স্বীকৃতি কচুয়া উপজেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।
কচুয়াবাসী আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ভবিষ্যতে উপজেলা উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং কচুয়া একটি মডেল উপজেলায় পরিণত হবে।

