শফিকুল ইসলাম সাফা,চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
চিতলমারীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) দিনব্যাপী উপজেলার এ কে ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ, বিতর্ক, কাবিংসহ বালক ও বালিকাদের মোট ৩৮টি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
পরে বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১৪৬ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার, শংকর কুমার বিশ্বাস, প্রভাত হালদার, সুবীর কুমার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও আয়োজন করেন স্থানীয় শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা।

